ঠিক কি বলে তোমায় সম্বোধন করবো বুঝতে পারছি না, ভীষণ অসহায় বোধ করছি। আজ না আমি তোমার চেনা মুখগুলোর তালিকায় পড়ি আর না অচেনা মুখের।
কেন চলে গেলে? জীবনে বহুবার উচ্চারিত কথাগুলোর মাঝে এটা একটা। ভেবো না, আজ আর জানতে চাইবো না, দোষারোপও করবো না। কেবর মায়া থাকলেই কি আর হয়, মায়ার সে বাঁধন ছড়িয়ে রাখতে হয়, জড়িয়ে রাখতে হয়। আমি বড্ড ছন্নছাড়া, তাই এতোটা গুছিয়ে হয়ে উঠেনি।
জানো, একটা সময় অনেক ভাবতাম, যদি আমি কখনো তারা হয়ে যায়, তবে বুঝি তোমার খুব কষ্ট হবে। প্রতিদিন শত শত কাজের মাঝেও মনে-প্রাণে অপেক্ষায় থাকবে কখন সন্ধ্যা হবে আর তুমি ক্লান্তিতে মিটমিট করা চোখে কালো আকাশের বুকে তোমার সেই তারাটিকে খুঁজে নিবে। চাঁদের মতো অসাধারণ হতে আমি কোনদিনও চাইনি, বিশ্বাস ছিলো সাধারণ হয়ে হাজার তারায় মিশে থাকলেও আমাকে চিনে নিতে তোমার কোনই অসুবিধা হবে না। কিন্তু না, আসলে আমি ভুল ছিলাম। তোমার জীবনে তো আমি সেই তারাটির মতো ছিলাম, প্রতি সন্ধ্যায় সবটুকু মনোযোগ দিয়ে দেখে রাখলেও যে পরের সন্ধ্যায় ঠিকই গুলিয়ে যায়, আসলে যেন কোনটা ছিল এটা না ওটা।
আজকাল হয়তো অন্য কারো ছেলেমানুষী দেখতে ব্যস্ত হয়ে গেছ, আমার পাগলামীগুলো ভেবে আর সময় নষ্ট করো না। জানো আমিও না অনেক বড় হয়ে গেছি, একটু অভিমানেই টুপ-টুপ করে আর পানি পড়ে না, কাউকে কেঁদে কেঁদে আর যখন তখন বলা হয়ে উঠে না, “কোথায় ছিলে এতোক্ষণ??” হয়তো বাস্তবে হয়তো অভিনয়ে তবুও বলতে শিখে গেছি, “ আমি ভালো আছি।“
কেন যেন আমার বড় ঘুমের কষ্ট হয়, হয়তো ফোনটা যখন-তখন ভাইব্রেট করে না বলে, হতেও পারে কেউ আর ঘুম পাড়ানি গান শোনায় না। ইদানিং ক্লোনাজিপামের পাতাটাকে বড্ড বেশি আপন মনে হয়।
তোমার অনেক সময় নষ্ট করে দিলাম আবোল- তাবোল বকে। আজ আর না, হয়তো আর কোনদিনই কিছু বলা হয়ে উঠবে না। ভালো থেকো।
-ইতি
অযাচিত কেউ
[ লিখেছেন- সুলতানা সুমাইয়া ]
আপনার নিজের লেখা গল্প পাঠাতে পারেন এই ইমেইল অ্যাড্রেসে- golpobd@mail.com